ব্রিসবেনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
ব্রিসবেনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ঈদ মেলা ও ইফতার মাহফিল। গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ব্রিসবেন ইসলামিক কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (বিএব) এর উদ্যোগে দিনব্যাপী এই মিলনমেলার আয়োজন করা হয়।

শনিবার সকাল ১১টায় ঈদ বাজারের উদ্বোধনের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। মেলায় প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা নারী, পুরুষ ও শিশুদের জন্য বাহারি দেশীয় পোশাকের পসরা সাজিয়ে বসেন। শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, থ্রি-পিসসহ নানা রকম ঐতিহ্যবাহী পোশাকে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। দুপুরের পর থেকেই ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এমন সমারোহ মুহূর্তেই যেন এক খণ্ড বাংলাদেশের আবহ তৈরি করে।

বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয় ইফতার মাহফিলের মূল আনুষ্ঠানিকতা। আয়োজকদের তথ্য অনুযায়ী, ব্রিসবেনে বসবাসরত প্রায় ৮০০ প্রবাসী বাংলাদেশি এই বিশাল ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কুইন্সল্যান্ড পার্লামেন্টের কয়েকজন স্থানীয় এমপি, কুইন্সল্যান্ড পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি কাউন্সিলের মেয়র এবং বিভিন্ন কমিউনিটি লিডারসহ প্রায় ৩০ জন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর ১৯৫২ সালের মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং সিডনির বন্দি বীচ এ মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত পার্লামেন্ট মেম্বার, সিটি মেয়রসহ অন্যান্য কমিউনিটি নেতারা শুভেচ্ছা বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক চেতনার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

সবশেষে পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতার গ্রহণ করেন। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়ে সফলভাবে সমাপ্ত হয় প্রবাসী বাংলাদেশিদের এই বৃহৎ আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here