কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক দখল ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে চারজনকে জরিমানা করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর ইউনিয়নের নন্দীপাড়া এবং শশীদল ইউনিয়নের হরিমঙ্গল ও শশীদল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানকালে সড়কের ওপর গাছ রেখে ফুটপাত দখলের অভিযোগে শিমুল মিয়া নামে এক স-মিল মালিককে স্থানীয় সরকার আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে মেসার্স দেলোয়ার স-মিলের মালিক দেলোয়ার হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইনে সুমন মিয়া ও মামুন নামে দুই আরোহীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

