জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি ঘিরে চলছিল নানা হিসাব-নিকাশ। এই লড়াইয়ের ফলাফলের ওপর নির্ভর করছিল তিন দলের সুপার এইটে খেলার ভাগ্য। কিন্তু খেলা তো দূরের কথা, টসও করতে দেয়নি বৃষ্টি। ফলশ্রুতিতে বিশ্বকাপের পরবর্তী ধাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে, আর অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের আশা শেষ হয়ে গেল।
পাল্লেকেলেতে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে আইরিশদের মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। তবে দফায় দফায় বৃষ্টির কারণে মাঠে লড়াই হয়নি।
প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তাতে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটে ওঠে জিম্বাবুয়ে।
একই মাঠে সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই সুপার এইটে খেলা নিশ্চিত করে শ্রীলঙ্কা। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে আসরের সহ-আয়োজকরা।
এবারের বিশ্বকাপ শুরু করেছিল জিম্বাবুয়ে ওমানকে হারিয়ে। পরের ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয় তুলে নেয় সিকান্দার রাজার দল।
পরবর্তী ধাপে যেতে আইরিশদের বিপক্ষে একটি পয়েন্ট প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। কিন্তু বৃষ্টির দাপটে সেই প্রয়োজনও পূরণ হলো না।
সুপার এইটে খেলার আশা কিছুটা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়েকে হারানোর বিকল্প ছিল না আয়ারল্যান্ডের। তবে সেই সুযোগও হাতছাড়া হলো। চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে আইরিশরা।
তিন ম্যাচে কেবল একটি জয় পাওয়া অস্ট্রেলিয়ার পয়েন্ট দুই। তাদের শেষ ম্যাচ ওমানের বিপক্ষে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।
গত বিশ্বকাপে বাছাইপর্ব পার করতে না পারায় খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার বাছাইপর্বে অপরাজিত থেকে মূল মঞ্চে দারুণ ছন্দে আছে দলটি। শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফ্রিকার দলটি।

