বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখসেদুল কামাল। এর আগে তিনি এই কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
বিসিবির বর্তমান বোর্ড গঠনের পর মিডিয়া কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন আমজাদ হোসেন। এবার তাকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে মোখসেদুল কামালকে। পাশাপাশি তিনি ওয়েলফেয়ার কমিটির সভাপতির দায়িত্বও বহাল রাখছেন।
মোখসেদুল কামাল দীর্ঘদিন ধরেই গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্ত। বর্তমানে তিনি স্টার নিউজের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী ওয়ারিয়র্স দলের সঙ্গেও যুক্ত ছিলেন।
বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৬ ভোটের মধ্যে ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তিনি। একই সংখ্যক ভোট পেয়ে পরিচালক হন সাবেক মিডিয়া কমিটি প্রধান আমজাদ হোসেনও।
এদিকে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ঈদের পর তার দেশে ফেরার কথা রয়েছে।

