বিষাক্ত মদ খাইয়ে ৪ বন্ধুকে হত্যা: আশুলিয়া থেকে গ্রেপ্তার ২

0
বিষাক্ত মদ খাইয়ে ৪ বন্ধুকে হত্যা: আশুলিয়া থেকে গ্রেপ্তার ২

রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত মদ পান করিয়ে চারজনকে হত্যার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার রাতে ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ কোমরপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলাম (৪০)।

সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, রফিকুল ও শফিকুলের সঙ্গে মাদক বিক্রি নিয়ে নিহত সাজু মিয়ার পূর্বশত্রুতা ছিল। এর জেরে গত ৩০ মে রাত সাড়ে ১১টার দিকে রফিকুল কৌশলে সাজু ও তার তিন বন্ধুকে নিজের মাল্টা বাগানে নিয়ে গিয়ে অতিমাত্রায় বিষাক্ত মদ পান করান। পরে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হলে পরদিন দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজু ও তাঁর তিন বন্ধু মারা যান।

এ ঘটনায় গত ২ জুন মিঠাপুকুর থানায় নিহত সাজু মিয়ার ভাগনে জাহেদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।

র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার দুই আসামিকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here