ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। জনগণের অধিকার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করাই একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের পূর্বশর্ত।
শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, রাষ্ট্রের মূলশক্তি তার জনগণ। জনগণের প্রত্যাশা অনুযায়ী ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়নীতি, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে, বর্তমান সরকার সেই অনুযায়ী কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে।
সংসদ সদস্য আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করছেন। জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি নতুন করে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে সুফল বয়ে আনবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কেরানীগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমি দখলমুক্ত করা হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের কল্যাণে কাজ করতে হলে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে, জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
ইফতার মাহফিলে ২০ হাজারের বেশি সাধারণ মানুষ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

