ইউরোপীয় প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিতে ব্যর্থ হয় ইতালি। ব্যর্থতার মুখে পদত্যাগ করেছেন ফুটবল ফেডারেশনের সভাপতি, জাতীয় দলের হেড অব ডেলিগেশন এবং প্রধান কোচ পদত্যাগ।
এমন পরিস্থিতিতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলে জাতীয় দলের খেলোয়াড়রা বোনাস দাবি করেছিল এমন খবরে মর্মাহত হয়েছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা।
দোনারুম্মা স্কাই স্পোর্টস ইতালিয়াকে বলেন, অধিনায়ক হিসেবে আমি ইতালি জাতীয় দলের কাছে এক ইউরোও চাইতে যাইনি। জাতীয় দল প্রতিটি প্রতিযোগিতায় বরাবরের মতোই যা করে, তা হলো টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জনকারী খেলোয়াড়দের একটি উপহার দেওয়া।
বিষয়টা এটুকুই ছিল, কিন্তু কেউ ফেডারেশনের কাছে কিছু চায়নি। আমাদের পুরস্কার ছিল বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাওয়া।
উত্তর আমেরিকায় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জনে ইতালির ব্যর্থতার কারণে রাজনৈতিক চাপের মুখে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা এবং দেশটির সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন দলের প্রতিনিধি দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
২৭ বছর বয়সী দোনারুম্মা বলেন, আমাদের নতুন করে শুরু করতে হবে, এগিয়ে যেতে হবে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। পরবর্তী বিশ্বকাপের আগে চার বছর সময় আছে এবং এর মধ্যে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ও নেশন্স লিগের মতো বড় প্রতিযোগিতা রয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বকাপ নিয়ে ভাবার আগে, আমাদের মাঝের এই বড় টুর্নামেন্টগুলোতে মনোযোগ দিতে হবে এবং অবিলম্বে শক্তিশালীভাবে আবার শুরু করতে হবে।

