বিশ্বকাপে মালিঙ্গার খেলা নিয়ে শঙ্কা

0
বিশ্বকাপে মালিঙ্গার খেলা নিয়ে শঙ্কা

বিশ্বকাপ শুরুর আগে বড় দুশ্চিন্তায় পড়েছে শ্রীলঙ্কা শিবির। কাঁধের হাড় সরে যাওয়ার চোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার ইশান মালিঙ্গা। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

পাল্লেকেলেতে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে এটি হবে দুই দলের শেষ প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা আগামী ৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। যদিও প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেনি লঙ্কান ক্রিকেট বোর্ড।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিক দলে থাকা ইশান মালিঙ্গাকে চূড়ান্ত স্কোয়াডেও রাখার পরিকল্পনা ছিল। তবে সাম্প্রতিক চোটে তার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারে চোট পান ২৪ বছর বয়সী এই পেসার। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর পুনরায় শুরু হলে নিজের প্রথম বল করতে গিয়ে ফলোথ্রুতে পড়ে বাঁ কাঁধে আঘাত পান তিনি। বলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমার হয়ে যায়, যার ফলে ‘নো বল’ ডাকা হয়।

চোট পাওয়ার পরপরই মাঠ ছাড়েন মালিঙ্গা। কাঁধে প্রচণ্ড ব্যথায় কাতর দেখা যায় তাকে। এরপর আর বোলিং করতে পারেননি তিনি। ১.২ ওভারে ৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ম্যাচটি ৬ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড।

তৃতীয় টি-টোয়েন্টির জন্য মালিঙ্গার পরিবর্তে কাউকে দলে অন্তর্ভুক্ত করেনি শ্রীলঙ্কা। ফলে পরের ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন পেসার প্রামোদ মাদুশান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here