বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা

0
বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা

বিশ্বকাপ শেষ হতে না হতেই কঠোর বার্তা পেল পাকিস্তান ক্রিকেট দল। হতাশাজনক পারফরম্যান্সের জেরে দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

টিম ম্যানেজমেন্টের অসন্তুষ্টি ছিল চোখে পড়ার মতো। টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা তো দূরের কথা, সুপার এইটে হেরে হেরে একটি মাত্র ম্যাচ জিতেছিল পাকিস্তান। গ্রুপপর্বে যে তিনটি ম্যাচে পয়েন্ট পেয়েছে, সেগুলোর প্রতিপক্ষ ছিল আইসিসির সহযোগী দেশ।

ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের কাছে সব সময়ই বাড়তি গুরুত্ব পায়। সেই ম্যাচেও ৬১ রানে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই হারের পরপরই আর্থিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রের বরাতে বলা হয়েছে, এখন থেকে ক্রিকেটাররা পারফরম্যান্স অনুযায়ী সুবিধা পাবেন। ভালো খেললে পুরস্কার, খারাপ খেললে জরিমানা। কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন, পুরস্কার যেমন থাকবে, তেমনি শাস্তিও এড়ানোর সুযোগ নেই।

তবে ব্যক্তি পারফরম্যান্সের বিচারে সাহিবজাদা ফারহান, ফখর জামান, উসমান তারিক আলাদা করে নজর কাড়েন। ফারহান হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি করেছেন ৩৮৩ রান। এর মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ড নিজের করে নিয়েছেন। ২০১৪ সালে ৬ ম্যাচে ৩১৯ রান করা বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি।

ফখর জামান মাত্র দুই ম্যাচ খেলেই ১৮৭ স্ট্রাইকরেটে ১০৯ রান করেছেন। উসমান তারিক পাঁচ ম্যাচে ১৪.১০ গড়ে নিয়েছেন ১০ উইকেট।

অন্যদিকে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শাদাব খান, ছয় ইনিংসে করেছেন ১১৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ আটটি উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। বাকি ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here