মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ খেলতে মেক্সিকো যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরাকের জাতীয় ফুটবল দল। ম্যাচ পিছিয়ে দেওয়ার দাবি উঠলেও শেষ পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে সম্মত হয়েছে দেশটির ফুটবল সংস্থা।
ইরাক ফুটবল সংস্থার সভাপতি আদনান দিরজাল এক বিবৃতিতে জানান, সপ্তাহের শেষ দিকে বিশেষ বিমানে করে মেক্সিকোর উদ্দেশে রওনা দেবে জাতীয় দল। তিনি বলেন, চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে যাতায়াতে জটিলতা তৈরি হয়েছে। তাই সফর নির্বিঘ্ন করতে আন্তর্জাতিক ফুটবল সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
তিনি আরও জানান, বিদেশি ক্লাবে খেলা ইরাকি ফুটবলারদের দ্রুত দলে যোগ দেওয়ার ব্যবস্থা করতেও সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ চলছে।
আগামী ৩১ মার্চ মেক্সিকোর মনতেরে শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্লে-অফ ম্যাচটি। আন্তঃমহাদেশীয় এই বাছাইপর্বে জয়ী দল পাবে বিশ্বকাপে খেলার সুযোগ। অন্য সেমিফাইনালে বলিভিয়া ও সুরিনাম মুখোমুখি হবে, তাদের মধ্যকার বিজয়ীর বিপক্ষে খেলবে ইরাক।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাব পড়েছে আঞ্চলিক ফুটবলেও। নিরাপত্তা ও ভ্রমণ জটিলতার কারণে ইরাকের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দলের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড আগে ম্যাচ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, সংঘাতের কারণে দলের কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফ এখনো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে আছেন।
একই পরিস্থিতিতে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও আলোচনা চলছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও আন্তর্জাতিক ফুটবল সংস্থা জানিয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী সব দলকেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

