আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে না দেখে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের অনুপস্থিতিকে দুঃখজনক বলে মন্তব্য করেন।
নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে অনুরোধ করেছিল, তাদের ম্যাচগুলো যেন ভারত থেকে অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়। তবে আইসিসি সূচিতে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেয়।
এরপর বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে। একই সময়ে পাকিস্তান টুর্নামেন্টে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দেয়।
বাংলাদেশকে বাদ দেওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালমান আঘা বলেন,’বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তারা যে সমর্থন দেখিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। সত্যিই দুঃখজনক যে তারা এই টুর্নামেন্টে অংশ নিতে পারছে না।’
বাংলাদেশের পাশে দাঁড়ানোর বিষয়টি স্পষ্ট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও জানিয়েছেন, ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচে পাকিস্তান মাঠে নামবে না। সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সংহতির প্রকাশ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।
এদিকে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পাকিস্তান প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান।

