বিশ্বকাপের আগে হঠাৎ সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে মেক্সিকোকে বেছে নিল ইরান

0
বিশ্বকাপের আগে হঠাৎ সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে মেক্সিকোকে বেছে নিল ইরান

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে বড় পরিবর্তন এনেছে ইরান জাতীয় ফুটবল দল। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে ক্যাম্প করার কথা থাকলেও, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বদলে মেক্সিকোকে বেছে নিয়েছে তারা।

শনিবার ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফিফার অনুমোদন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় ক্যাম্প স্থানান্তরের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিশ্বকাপের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে দলগুলো যখন নিজেদের বেস ক্যাম্প নির্ধারণ করছে, তখন ইরানের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগকে সামনে রেখেই এই পরিবর্তন এসেছে বলে ধারণা করা হচ্ছে।

ফেডারেশন সভাপতি মেহেদি তাজ বলেন, বিশ্বকাপের বেস ক্যাম্প ফিফার অনুমোদিত হতে হয়। ইস্তাম্বুলে বৈঠক এবং তেহরান থেকে ফিফার সঙ্গে ভার্চুয়াল আলোচনার পর মেক্সিকোতে ক্যাম্প নেওয়ার আবেদন অনুমোদন পায়।

নতুন পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকোর তিজুয়ানা শহরে ঘাঁটি গড়বে ইরান দল, যাকে ফুটবল বিশ্বে টিম মেল্লি নামে ডাকা হয়। ক্যালিফোর্নিয়া সীমান্ত সংলগ্ন হওয়ায় যাতায়াতে সুবিধা পাবে দলটি। একই সঙ্গে সেখানে জিমনেসিয়াম, রেস্তোরাঁসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।

এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতাও এড়ানো সম্ভব হবে। প্রয়োজনে সীমান্ত ব্যবহার করে যাতায়াতের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

এবারের বিশ্বকাপে ইরান গ্রুপ জি তে খেলবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। ১৫ জুন নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা।

টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান। আগের আসরগুলোতে গ্রুপ পর্ব পেরোতে না পারলেও, এবার নতুন প্রস্তুতিতে সেই লক্ষ্য পূরণের আশায় রয়েছে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here