মেক্সিকোর হালিস্কো অঙ্গরাজ্যে সেনাবাহিনীর অভিযানে মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও অসিগুয়েরা সাভাতেস বা ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশটিতে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গুয়াদালাহারার কাছাকাছি শহর হালিস্কোতে তার সমর্থকরা বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনা ঘটিয়ে চারটি ফুটবল ম্যাচ স্থগিত হওয়ার কারণ সৃষ্টি করেছে।
সেনাবাহিনী রবিবার তার গ্রেফতার অভিযান চালায় এবং তাকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার সময় সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে সাভাতেস গুরুতর আহত হয়ে মারা যান। অভিযানে তার সঙ্গে থাকা হালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) চক্রের চার সদস্যও নিহত হন। সাভাতেসের মৃত্যুর পর অন্তত ২০টি অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। হালিস্কো রাজ্যে এ পর্যন্ত দেশটির ন্যাশনাল গার্ডের ২৫ জন সদস্য নিহত হয়েছেন।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফিফার মুখপাত্র জানিয়েছে, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বাভাবিক জীবন ব্যবস্থা ফেরাতে আমরা সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। মেক্সিকোর তিনটি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে গুয়াদালাহারার সাপোপানের আক্রন স্টেডিয়াম রয়েছে। এই স্টেডিয়ামে আগামী মাসের শেষ সপ্তাহে বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় প্লে-অফ-১ অনুষ্ঠিত হবে, যেখানে খেলবে কঙ্গো, জ্যামাইকা ও নিউ ক্যালেডোনিয়া।
গুয়াদালাহারায় মোট চারটি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক মেক্সিকো ছাড়াও দক্ষিণ কোরিয়া, স্পেন, উরুগুয়ে ও কলম্বিয়া অংশগ্রহণ করবে। মেক্সিকো জাতীয় দল আগামী বুধবার আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কুয়েরেতারোয়; তবে এই ম্যাচ স্থগিত হবে কিনা তা এখনও জানানো হয়নি।
এছাড়া আকাপুলকোয় মেক্সিকো ওপেন টেনিস টুর্নামেন্ট এবং দেশের পূর্বাঞ্চলে মেরিদা নারী টেনিস টুর্নামেন্ট নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

