বিশ্বকাপের আগে কি ফিট হবেন মার্তিনেজ?

0
বিশ্বকাপের আগে কি ফিট হবেন মার্তিনেজ?

অ্যাস্টন ভিলার হয়ে দীর্ঘ ৪৪ বছরের শিরোপাখরা কাটাতে বড় ভূমিকা রেখেছেন আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। কোচ উনাই এমেরির অধীনে দলটি জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জেতে। তবে ফাইনালের আগেই আঙুলে চোট পেয়েছিলেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। চোট নিয়েই মাঠে নামেন তিনি, যা এখন বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত দল ঘোষণার আগে আর্জেন্টিনার শিবিরে বাড়ছে উদ্বেগ। ২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার একাধিক গুরুত্বপূর্ণ সেভ এখনও ফুটবলবিশ্বে আলোচিত। সেই পারফরম্যান্সের জন্য তিনি গোল্ডেন গ্লাভসও জিতেছিলেন। এবার ইউরোপা লিগ ফাইনালে আঙুলে চোট পাওয়া তাকে ঘিরে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

চোট নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন মার্তিনেজ। ইউরোপা লিগ জয়ের পর উদযাপনের সময় তিনি জানান, ওয়ার্ম-আপের সময়েই তার আঙুলে চোট লাগে। তিনি বলেন, ‘ওয়ার্ম-আপের সময়েই আমার আঙুল ভেঙে যায়, কিন্তু আমি এটাকে খুব বড় কিছু মনে করছি না। আগে কখনও আঙুল ভাঙেনি। বল ধরতে গেলে আঙুলটা উল্টো দিকে সরে যাচ্ছিল। তবে পেশাদার ফুটবলে এসব পরিস্থিতির মধ্য দিয়েই খেলতে হয়।’

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আঙুলের চোট বিশ্বকাপে খেলার পথে বড় বাধা হওয়ার কথা নয়। তবে আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দেওয়ার আগে তাকে আরও কিছু মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। পাশাপাশি পুরোপুরি সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসাও চলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে। তাই মার্তিনেজ পুরোপুরি ফিট হয়ে দলে ফিরবেন কি না, সেদিকেই তাকিয়ে আছে সমর্থকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here