বিয়ের প্রলোভনে ধর্ষণ,অন্তঃসত্ত্বা নারী, আশুলিয়ায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

0

আখতার রাফি : সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের তীর ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু বক্কর ভূইয়া ওরফে বাবু ভূইয়ার দিকে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের নামে শারীরিক সম্পর্কের পর ভুক্তভোগী নারী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত বাবু ভূইয়া নিজেকে স্থানীয় ছাত্রদলের প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু নারীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত কৌশলে সম্পর্ক অস্বীকার করেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এমনকি বিষয়টি ধামাচাপা দিতে ভয়ভীতি দেখানো এবং টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।পরিবারের দাবি, চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারী এখন সামাজিক ও মানসিক চাপে ভেঙে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৪ মার্চ আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত বাবু ভূইয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।

এদিকে আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, “কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। অভিযোগ সত্য প্রমাণ হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

নারীর প্রতি সহিংসতার এ ঘটনায় স্থানীয় মানবাধিকারকর্মীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করে পরে অস্বীকার করা গুরুতর অপরাধ এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here