বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে হেনস্তার অভিযোগ ভারতীয় পেসারের বিরুদ্ধে

0
বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে হেনস্তার অভিযোগ ভারতীয় পেসারের বিরুদ্ধে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল শিরোপাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পেসার যশ দয়াল এবার চরম বিতর্কে জড়িয়েছেন। গাজিয়াবাদের এক ২৭ বছর বয়সী তরুণী তাঁর বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ও মানসিক হেনস্তার অভিযোগ এনেছেন।

উত্তরপ্রদেশ সরকারের অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম আইজিআরএস-এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ করেছেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর কার্যালয় গাজিয়াবাদের ইন্দিরাপুরম সার্কেল অফিসারের কাছে রিপোর্ট চেয়েছে এবং বিষয়টি নিষ্পত্তির জন্য ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

অভিযোগকারীর দাবি, যশ দয়ালের সঙ্গে তাঁর পাঁচ বছরের সম্পর্ক ছিল। তিনি বলেন, ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যশ আমাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করেছে। এমনকি নিজের পরিবারকেও আমার সঙ্গে পরিচয় করিয়েছিল। স্বামীর মতো ব্যবহার করত।’

তরুণীর আরও অভিযোগ, সম্পর্কের সময় যশ তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন এবং তাঁকে প্রতারণা করেছেন। তাঁর দাবি, এর আগেও যশ একাধিক নারীর সঙ্গে একই ধরনের আচরণ করেছেন।

অভিযোগকারী জানিয়েছেন, তাঁর কাছে যশের সঙ্গে চ্যাট, ভিডিও কল এবং বিভিন্ন মুহূর্তের ছবি ও প্রমাণ রয়েছে। তিনি জানান, ১৪ জুন হেল্পলাইন নম্বরে অভিযোগ জানানোর পরও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করেন।

এখনও পর্যন্ত যশ দয়ালের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here