মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান সংঘাতের কারণে পাকিস্তান নারী ক্রিকেটারদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। তেল আবিব ও ওয়াশিংটনের যৌথ হামলার জবাবে তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালাচ্ছে। এ অবস্থায় দুবাই, সৌদি আরব, ওমানসহ কয়েকটি দেশের বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ শেষে সোমবার রাতে ডারবান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ফাতিমা সানাদের নেতৃত্বাধীন দলের। কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় তাদের ফেরা বিলম্বিত হয়েছে। বর্তমানে দল ডারবানে অবস্থান করছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আকাশসীমা পুনরায় খোলার আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পরই দল দেশে ফেরার পথে রওনা দেবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকাতেই থাকবেন।
দক্ষিণ আফ্রিকায় পাকিস্তান নারী দল তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে। উভয় সিরিজই ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক দল।

