বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসর শুরুর আর মাত্র তিন দিন বাকি। নতুন আসর শুরুর আগমুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার।
এবার নিলামের আগে সরাসরি চুক্তিতেপাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আবরারসহ তিনজন সরে গেলেন বিপিএল থেকে।
আবরার ছাড়া বাকি দু’জন হচ্ছেন– আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র (এনওসি) না পাওয়ায় বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন স্টার্লিং ও ডিকভেলা। এছাড়া, এনওসি পেলেও বিপিএলে খেলা অনিশ্চিত পাকিস্তানি স্পিনার আবরারের। তার এনওসিও স্থগিত করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের পরিকল্পনায় থাকায় আবরারকে বিপিএলে খেলতে চাচ্ছে না পিসিবি।
সবমিলিয়ে নতুন আসর শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের নিয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। অল্প সময়ের মাঝেই তাদের বিকল্প ক্রিকেটার দলে নিতে হবে। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএলের নতুন আসরের পর্দা উঠবে। প্রথম দিনেই হবে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস নিজেদের মিশন শুরু করবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

