বিনিয়োগের নামে প্রতারণা, আদালতে গেলেন অভিনেত্রী

0
বিনিয়োগের নামে প্রতারণা, আদালতে গেলেন অভিনেত্রী

উচ্চহারে মুনাফার প্রলোভন দেখিয়ে ভারতীয় অভিনেত্রী বর্ষা উসগাঁওকর এবং আরও চারজনকে ৪৭ লাখ রুপি প্রতারণার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। শিবাজি পার্ক থানায় দায়ের করা এফআইআর অনুযায়ী, অভিযুক্তের নাম অবিনাশ যাদব। মৃণালিনী সুভাষ জামভালে নামে এক নারীর অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অবিনাশ যাদব নিজেকে একজন চলচ্চিত্র প্রযোজক এবং আবাসন নির্মাতা হিসেবে পরিচয় দিয়েছিলেন। তিনি অভিযোগকারী মৃণালিনীকে থানে জেলার ডোম্বিভলিতে একটি নির্মাণ প্রকল্পে বিনিয়োগের জন্য প্ররোচিত করেন। এক বছরের মধ্যে মূল টাকা ফেরত এবং সেই সঙ্গে মোটা টাকা মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। 

অভিযুক্তের কথায় বিশ্বাস করে ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে বর্ষা উসগাঁওকর, মৃণালিনী এবং আরও তিনজন মিলে চেকে ও অনলাইন লেনদেনের মাধ্যমে মোট ৪৭ লাখ রুপি বিনিয়োগ করেন।

শুরুতে অভিযুক্ত ব্যক্তি মুনাফা হিসেবে ৪ লাখ ৫২ হাজার রুপি দিলেও পরবর্তীতে আর কোনো টাকা মেটাননি। অভিযোগকারীরা যখন পাওনা টাকার জন্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তখন অবিনাশ তার মোবাইল নম্বর এবং ঠিকানাও বদলে ফেলেন বলে অভিযোগ। দীর্ঘ চেষ্টার পর কোনো সুরাহা না হওয়ায় প্রতারিতরা পুলিশের দ্বারস্থ হন। 

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কার্যকর থাকা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী প্রতারণা এবং অপরাধমূলক হুমকির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here