গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে আগত বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার জন্য একটি মিডিয়া গাইড প্রকাশ করেছে তথ্য অধিদফতর (পিআইডি)।
সোমবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয় ৷
পিআইডি জানায়, সহজে বহনযোগ্য এ বইটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কাজে যুক্ত সরকারি দপ্তরসমূহ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সকল রিটার্নিং অফিসার, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত বিভিন্ন এজেন্সির ফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য রয়েছে। একই সাথে ঢাকার সংবাদপত্র, সংবাদ সংস্থা ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর, পিআইডি’র মিডিয়া সেন্টারের তথ্য এবং বিদেশ থেকে আগত গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজন বিবেচনায় মানি এক্সচেঞ্জ, হোটেল-রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার ও জরুরি প্রয়োজনে দরকারি ফোন নম্বরগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।
গাইডটিতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট, অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ, নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচন কাভারেজে আগত বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি যুক্ত রয়েছে।

