বিজিবি’র সৈনিকদেরকে শুদ্ধ উচ্চারণ ও সুললিত কণ্ঠে আজান এবং ক্বেরাত চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বিজিবি-তে আজান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পিলখানা সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন। এ সময় বিজিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত বুধবার (১১ মার্চ) পিলখানা সংলগ্ন বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে তিন দিনব্যাপী আজান ও ক্বেরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আজান প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ল্যান্স নায়েক মোহাম্মদ জাকারিয়া প্স্থারথমন এবং ঢাকা সেক্টরের অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর সিপাহী মো. সাইফুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন।
অপরদিকে ক্বেরাত প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর নায়েক মো. বিলাল আহমদ প্রথম স্থান এবং কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সিপাহী মো. রাকিবুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন।
আজান ও ক্বেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে রামু সেক্টর চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

