বিজয়-রাশমিকার বিয়ের কার্ড ‘ফাঁস’, যা বলছে ভারতীয় সংবাদমাধ্যম

0
বিজয়-রাশমিকার বিয়ের কার্ড ‘ফাঁস’, যা বলছে ভারতীয় সংবাদমাধ্যম

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের গুঞ্জন দীর্ঘদিনের। ‌‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় এই জুটির রসায়ন পর্দার বাইরেও প্রেমের গুঞ্জনে রূপ নিয়েছিল। তবে এবার সেই গুঞ্জন কয়েক ধাপ এগিয়ে গেল। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এই জুটির একটি কথিত ‘বিয়ের কার্ড’, যা ঘিরে এখন উত্তাল নেটপাড়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই আমন্ত্রণপত্রে দেখা যাচ্ছে, ওপরে বড় করে লেখা ‘বিজয় দেবরাকোন্ডা’। কার্ডের নিচে স্বাক্ষর হিসেবে লেখা আছে, ‘বিজয় (রাশমিকা ও আমার পক্ষ থেকে)’।

আমন্ত্রণপত্রের বয়ান অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি হেরিটেজ ভেন্যুতে ঘরোয়া পরিবেশে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি। এরপর ৪ মার্চ হায়দরাবাদের বিলাসবহুল ‘তাজ কৃষ্ণা’ হোটেলে একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার (রিসেপশন) আয়োজন করা হবে।

ফাঁস হওয়া কার্ডটিতে লেখা রয়েছে, পরিবারের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমি ও রাশমিকা আগামী ২৬.০২.২৬ তারিখে একটি ছোট ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। আমাদের এই নতুন যাত্রায় আপনাদের উপস্থিতি ও আশীর্বাদ এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলবে।

চলতি মাসের শুরু থেকেই উদয়পুরের ‘সিটি প্যালেস’-এর কিছু সাজসজ্জার ভিডিও ভাইরাল হয়েছিল। তখন থেকেই ভক্তদের ধারণা ছিল, বিজয়-রাশমিকার বিয়ের জন্যই রাজকীয় এই প্রাসাদ সাজানো হচ্ছে। তবে এই কার্ড বা বিয়ের তারিখ নিয়ে এখনো বিজয় বা রাশমিকা—কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিয়ের জল্পনার মাঝেই গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) হায়দরাবাদ বিমানবন্দরে বিজয় ও রাশমিকাকে একসঙ্গে দেখা গেছে। যদিও তারা ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দেননি, তবে একই সময়ে নিজেদের টিমের সঙ্গে তাদের বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায়। এই ঘটনা ভক্তদের মনে বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

এখন পর্যন্ত এই ভাইরাল আমন্ত্রণপত্রের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অনেক অনুরাগী মনে করছেন এটি হয়তো ভক্তদের তৈরি করা কোনো এডিট, আবার কেউ কেউ একে ধ্রুব সত্য বলে ধরে নিয়েছেন। তারকা এই জুটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি ধোঁয়াশাই থেকে যাচ্ছে।

সূত্র: নিউজ ১৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here