বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি যখন এ সরকারের দায়িত্ব নিয়েছে, তখন দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ সব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে।
সোমবার বিকালে নরসিংদী স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. আবদুল মঈন খান বলেন, শেখ হাসিনার আমলে বিগত ১৭ বছর দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। মানুষের বাক্-স্বাধীনতা ছিল না। বহু আন্দোলন সংগ্রামের পরে জুলাই গণঅভুথ্যানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক ও বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলের নেতারা।

