বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। তার মতে, ক্লাবের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি এখন নিরাপদ হাতেই আছে।
মায়ামি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই ব্রাজিলিয়ান এ কথা বলেন।
বার্সার ১০ নম্বর জার্সি ইতিহাসের সেরা খেলোয়াড়দের সঙ্গে জড়িয়ে আছে। এক সময় এই জার্সি তিনি নিজে পরেছেন। পরে গায়ে জড়িয়েছেন লিওনেল মেসি। সেই ঐতিহ্য এখন ধরে রেখেছেন ইয়ামাল।
রোনালদিনহো বলেন, নিঃসন্দেহে, সে (ইয়ামাল) বিশ্বের সেরাদের একজন। এখনও খুবই তরুণ, কিন্তু ইতোমধ্যেই অবিশ্বাস্য সব কিছু করে দেখাচ্ছে। ১০ নম্বর জার্সিটি তার কাছেই নিরাপদ।
তিনি বলেন, ইয়ামাল এখনও ক্যারিয়ারের শুরুর পর্যায়ে থাকলেও তার টেকনিক্যাল দক্ষতা তাকে ইতোমধ্যেই বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেছে। এত অল্প বয়সে চাপ সামলানোর ক্ষমতাও রয়েছে এই স্প্যানিশ তারকার।
বার্সেলোনার বর্তমান দল নিয়েও আশাবাদী রোনালদিনহো। তিনি বলেন, বার্সেলোনা এখনও ইউরোপের অন্যতম শক্তিশালী দল। আমি সবসময় চাই তারা সুন্দর ফুটবল খেলুক এবং আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতুক।
এদিকে, মেসিকে নিয়েও মন্তব্য করেছেন রোনালদিনহো। তার বিশ্বাস, মেসি এখনও বিশ্বের সেরা এবং ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে পারবেন।

