অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সঙ্গে চার বছরের দাম্পত্যজীবনের ইতি টানলেন দক্ষিণ ভারতীয় ও বলিউড অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। দীর্ঘ গুঞ্জন আর জল্পনা-কল্পনার পর মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট তাদের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছেন।
পারস্পরিক সম্মতির ভিত্তিতেই এই বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বিশেষ বিষয় হিসেবে জানা গেছে, হানসিকা তার সাবেক স্বামীর কাছ থেকে কোনো ধরনের খোরপোশ বা স্ত্রীধন দাবি করেননি।
২০২২ সালের ডিসেম্বরে ধুমধাম করে রাজকীয় আয়োজনে সোহেলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন হানসিকা। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কানাঘুষা শুরু হয়। সেই সময় অভিনেত্রী নীরব থাকলেও আদালতের নথিপত্র অনুযায়ী, বিয়ের পর খুব অল্প সময়ই তারা একসঙ্গে সুখে সংসার করতে পেরেছিলেন। মূলত মানসিকতার অমিল, জীবনযাপনের ধরন এবং দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে তাদের মধ্যে প্রায়ই বাদানুবাদ লেগেই থাকত। তুচ্ছ বিষয় নিয়ে শুরু হওয়া ঝগড়া একসময় চরমে পৌঁছালে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন।
আদালতে হানসিকার আইনজীবী আদনান শেখ জানান, পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা একাধিকবার এই দম্পতির মধ্যকার বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। তবে বারবার আলোচনার পরেও মিটমাট না হওয়ায় শেষ পর্যন্ত বিচ্ছেদের পথই বেছে নেন তারা। ২০২৪ সালের ২ জুলাই থেকে তারা সম্পূর্ণ আলাদা বসবাস করছেন। কোনো তিক্ততা না রেখে বরং একে অপরের প্রতি সম্মান রেখেই তারা আইনিভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। হলফনামায় দুজনেই নিশ্চিত করেছেন যে, ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে কোনো আর্থিক বা আইনি দাবি তুলবেন না।
উল্লেখ্য, এই দম্পতির কোনো সন্তান নেই।
প্রসঙ্গত, সোহেল কাঠুরিয়া ছিলেন হানসিকার দীর্ঘদিনের বন্ধু এবং পেশায় একজন ব্যবসায়ী। তারা দীর্ঘ সময় ধরে ব্যবসায়িক কাজের সূত্রে একে অপরের ঘনিষ্ঠ ছিলেন। বন্ধুত্বের সেই সম্পর্কই একসময় প্রণয়ে রূপ নেয়। ২০২২ সালের নভেম্বরের শুরুর দিকে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে হাঁটু গেড়ে বসে হানসিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সোহেল।
এরপর ২০২২ সালের ৪ ডিসেম্বর রাজস্থানের জয়পুরের ৪৫০ বছরের পুরোনো মুন্ডোটা ফোর্ট ও প্যালেসে অত্যন্ত জমকালো আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। সুফি নাইট, মেহেন্দি, হালদি ও সংগীত অনুষ্ঠানসহ কয়েক দিনব্যাপী চলে এই রাজকীয় আয়োজন।
তবে এই বিয়ে নিয়ে বিতর্কও কম ছিল না। সোহেল কাঠুরিয়া এর আগে হানসিকারই অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী রিঙ্কি বাজাজের স্বামী ছিলেন। ২০১৬ সালে তাদের বিয়েতে হানসিকা উপস্থিতও ছিলেন। ফলে বান্ধবীর সাবেক স্বামীকে বিয়ে করা নিয়ে সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

