বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুতকৃত ৩৯৫ লিটার অকটেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ এপ্রিল) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির জানান, শুক্রবার দিবাগত রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল দল অভিযান চালিয়ে সোনাইছড়ি নামক স্থান থেকে অবৈধভাবে মজুতকৃত ৩৯৫ লিটার অকটেন জব্দ করে। পরে টাইম বাজার এলাকা থেকে ২০ বস্তা ইউরিয়া সার এবং ৪ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানের উদ্দেশ্যে জ্বালানি তেল ও সার মজুত করা হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

