বরিশালের বানারীপাড়ায় গাঁজা চাষ ও বহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ও দুপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বন্দর বাজার এলাকায় অভিযান চালান বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ মুনীব। এ সময় মিলন হোসেন (৫০) নামের এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়। তিনি ওই এলাকার চা ও কনফেকশনারি ব্যবসায়ী।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিলন হোসেনকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
একই দিন দুপুরে পৌরসভার মাহিন্দ্র-আলফা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হৃদয় হাসানকে (২৫) গাঁজাসহ আটক করা হয়। তিনি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকেও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত উভয়কে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

