ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও একটি অ্যাম্বুলেন্সসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় ফারুক আহমেদ খান স্টোর অ্যান্ড রাইস এজেন্সির সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দতালিকা প্রস্তুতপূর্বক মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটকরা হলেন—শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ (৩১) এবং রংপুর জেলার রংপুর সদর উপজেলার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহাজুল ইসলাম (৪৭)।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদক পরিবহনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

