বাঞ্ছারামপুরে দুই মাসের কন্যাশিশু হত্যার অভিযোগে পিতা আটক

0
বাঞ্ছারামপুরে দুই মাসের কন্যাশিশু হত্যার অভিযোগে পিতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই মাস বয়সী কন্যাশিশু জারিফাকে হত্যার অভিযোগে তার পিতা জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দরিয়াদৌলত গ্রামের শফিক মিয়ার ছেলে জহিরুল ইসলামের সঙ্গে ২০২৪ সালে ছলিমাবাদ গ্রামের ফরিদ মিয়ার মেয়ে জাকিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে জাকিয়াকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে।

রমজানে গ্রাম্য সালিশের মাধ্যমে জাকিয়াকে স্বামীর বাড়িতে পাঠানো হলেও কিছুদিন পর আবার তাকে বাবার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। পরে জানা যায়, জাকিয়া অন্তঃসত্ত্বা। প্রায় দুই মাস আগে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন জহিরুল ইসলাম তার মেয়েকে দেখতে শ্বশুরবাড়িতে আসেন। রবিবার সকালে জাকিয়া শিশুটিকে ঘুম পাড়িয়ে স্বামীর কোলে রেখে নাস্তা তৈরিতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন শিশুটি বিছানায় নিথর পড়ে আছে এবং পাশে বসে আছেন তার স্বামী।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিয়ের পর থেকেই ওই দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল এবং এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত পিতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here