বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারে ঢেউটিনের একটি দোকানের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। বাজারের পশ্চিম পাশে একটি পানের দোকানের সামনে সড়কে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে আনার আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, ‘দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে সোহাগ শেখকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তার শরীরে তিনটি গুলি লেগেছে।
ওসি আরও বলেন, মরদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।’

