পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে রাষ্ট্রদূত ড. রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে জাপান সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। এছাড়া, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, মেট্রোরেল সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয়পক্ষ কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি (ইএসডিপি) নিয়ে আলোচনা করে। বিশেষ করে জাপানে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন ও জাপানি ভাষা প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে জাপানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং জাপানি নিয়োগকর্তাদের মাধ্যমে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ সহজ করতে একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির; শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদি আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া; এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্যরা।
এর আগে, জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশের প্রতি জাপানের প্রাথমিক স্বীকৃতির কথা স্মরণ করেন এবং বাংলাদেশ-জাপান সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

