বাংলাদেশকে সম্মান জানাল চীন

0
বাংলাদেশকে সম্মান জানাল চীন

অস্ট্রেলিয়ায় চলমান প্রস্তুতির মাঝেই নারী এশিয়ান কাপের আগে বাংলাদেশকে সম্মান জানাল চীন। র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান বড় হলেও প্রথম ম্যাচের আগে বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ চীনের কোচ আন্তে মিলিসিচ।

১ মার্চ থেকে সিডনি, গোল্ডকোস্ট ও পার্থে শুরু হচ্ছে এএফসি নারী এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপে রয়েছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচেই চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ (১১২) ও চীনের (১৭) ব্যবধান ৯৫ ধাপ। তবুও মিলিসিচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘আজকাল সবাই শারীরিকভাবে অনেক বেশি ফিট ও সুশৃঙ্খল ফুটবল খেলছে। প্রথম প্রতিপক্ষ বাংলাদেশকে সম্মান করতেই হবে। তারা এবারই প্রথম এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।’

২০২২ সালে শিরোপা জয়ের পর সময়টা খুব ভালো যাচ্ছে না চীনের। ফিফা নারী ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর তারা প্যারিস অলিম্পিকেও জায়গা পায়নি। গত নভেম্বরে এক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮-০ গোলে হারের ধাক্কাও সামলাতে হয়েছে তাদের।

অন্যদিকে বাংলাদেশ নারী দল গত ২০ ফেব্রুয়ারি সিডনিতে পৌঁছানোর পর থেকেই প্রস্তুতিতে ব্যস্ত। গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। কোচ পিটার বাটলার দলকে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। যদিও থাইল্যান্ডে বাছাইপর্বের পর কিছু পারফরম্যান্সে অসন্তোষ ছিল তার।

সম্প্রতি অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাবের বিপক্ষে রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ফলের চেয়ে খেলোয়াড়দের ঘুরিয়ে দেখাই ছিল বাটলারের মূল লক্ষ্য।

ছয় দিন সিডনির ভ্যালেনটাইনস স্পোর্টস পার্কে ক্যাম্প করার পর কাল টিম হোটেলে উঠবেন ঋতুপর্ণা-আফঈদারা। এখন অপেক্ষা মূল লড়াইয়ের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here