বলিউডে মাথাচাড়া দিয়ে উঠেছে বিষ্ণোই আতঙ্ক

0
বলিউডে মাথাচাড়া দিয়ে উঠেছে বিষ্ণোই আতঙ্ক

বলিউডে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে গ্যাংস্টার আতঙ্ক। রেন্স বিষ্ণোইয়ের গ্যাংকে ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে মুম্বাইয়ের তারকাপাড়ায়। নব্বইয়ের দশকে দাউত ইব্রাহিমের দৌরাত্ম্যের স্মৃতি যেন আবার ফিরে আসছে,এমনটাই মনে করছেন অনেকে।

সাম্প্রতিক হুমকি ও হামলার ঘটনার পর শনিবার মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পরিচালক রোহিত সেটি ও অভিনেতা রানভির সিংয়ের ম্যানেজারের জবানবন্দি রেকর্ড করেছে। একটি অডিও বার্তায় হুমকি দেওয়া হয় দাবি না মানলে তারকাদের ম্যানেজার বা ঘনিষ্ঠ কর্মীদের হত্যা করা হবে। সেই হুমকির সূত্র ধরেই তদন্ত জোরদার করেছে পুলিশ।

এদিকে রোহিত শেঠির বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার চার অভিযুক্ত স্বপ্নিল সাকাত, আদিত্য গায়কি, সিদ্ধার্থ ইয়েপুর ও সমর্থ পোমাজিকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ (রিকনস্ট্রাকশন) করেছে পুলিশ। 

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা পুনে থেকে একটি স্কুটার কিনে সড়কপথে মুম্বাই আসে। পরে ভিলে পার্লে স্টেশনের বাইরে সেটি পার্ক করে রোহিতের বাসভবনের সামনে গিয়ে গুলি চালায়। পুরো প্রক্রিয়াটি আদালতে উপস্থাপনের জন্য ভিডিও রেকর্ড করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘হ্যারি বক্সার’ নাম ব্যবহার করে একটি অডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া হয়। সেখানে ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে বলা হয়, সময়মতো শর্ত না মানলে তারকারা নয়, তাদের ঘনিষ্ঠদের টার্গেট করা হবে। তদন্তে উঠে এসেছে, ‘হ্যারি বক্সার’-এর আসল নাম হরি চাঁদ। তিনি বিদেশে অবস্থান করে ভিপিএন ব্যবহার করে বিষ্ণোই গ্যাংয়ের হয়ে ভয়ভীতি ছড়াচ্ছেন বলে সন্দেহ করছে তদন্তকারীরা।

গত কয়েক দিনে মুম্বাইয়ে একাধিক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোহিত শেঠির বাড়ির বারান্দা লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়, যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। একই সঙ্গে রণবীর সিংয়ের কাছে ১০ কোটি রুপি চাঁদা দাবি করা হয়েছে বলেও জানা গেছে। এর আগে সালমান খান ও কাপিল শার্মাকে টার্গেট করা হয়েছিল।

ক্রমাগত এই হুমকি ও হামলার ঘটনায় বলিউডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রযোজনা সংস্থা ও তারকাদের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, সংগঠিত অপরাধচক্রের এই তৎপরতা রুখতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সব মিলিয়ে, গ্ল্যামার আর আলোয় মোড়া বলিউডের আড়ালে এখন বইছে আতঙ্কের স্রোত। পরিস্থিতি কতদূর গড়ায় এবং তদন্তে শেষ পর্যন্ত কী উঠে আসে, সেদিকেই নজর সবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here