আদালত থেকে জামিন নিয়ে থ্রি-হুইলারে বাড়ি ফেরার পথে মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মামলার আসামিসহ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় থ্রি-হুইলার চালকসহ পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।
সোমবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের রাকুদিয়া নতুনহাট কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গৌরনদী উপজেলার চরদিয়াসুর গ্রামের বাসিন্দা মো. হাসান হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম শফিক (৪৫) এবং তার স্বজন একই এলাকার মজিবর ফরাজীর স্ত্রী মোসা. রিজিয়া বেগম।
গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, একটি থ্রি-হুইলারে চারজন যাত্রী বরিশাল থেকে গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেন। থ্রি-হুইলারটি রাকুদিয়া নতুনহাট কদমতলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে বরিশালগামী ওষুধ কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসের একটি মিনিপিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নারীসহ দুজনের মৃত্যু হয়।
আহত অবস্থায় থ্রি-হুইলারের চালকসহ তিনজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনাকবলিত উভয় যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
বরিশাল আদালতের আইনজীবী আব্দুর রহমান চোকদার জানান, শহিদুল ইসলাম শফিক একটি মামলার আসামি হিসেবে রবিবার গৌরনদী মডেল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন।

