বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু হলো- বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজীবের মেয়ে সাদিয়া (২) এবং বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে রাকিব (৯ মাস)। সাদিয়া গত ৮ এপ্রিল হাসপাতালে ভর্তি হওয়ার পর ৯ এপ্রিল বিকেলে মারা যায়। একই সময়ে ভর্তি হওয়া রাকিবও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় এ হাসপাতালে মোট চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, এখন পর্যন্ত বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১০ জন হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৫ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯০ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৯২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ৬৯০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

