বরিশালে মাদক ও অস্ত্রসহ আটক ৫

0
বরিশালে মাদক ও অস্ত্রসহ আটক ৫

বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট, দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ পাঁচ জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার ভোররাতে বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পের সেনা সদস্যরা এ অভিযান করেন। অভিযানে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা সেনা ক্যাম্প সদস্যরাও সহায়তা করেছে। 

আটককৃতরা হলো- বাবুগঞ্জ উপজেলার চর ভুতেরদিয়া গ্রামের বাসিন্দা মৃত কাদের প্যাদার ছেলে সহিদ প্যাদা ওরফে গলাকাটা প্যাদা (৪৯), তার সহযোগি মুলাদী উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল লতিফ সিকদারের ছেলে সিরাজুল ইসলাম (৬৩), বরিশাল নগরীর বটতলা বাজার এলাকার তারিক খানের ছেলে মামুন খান (৩৫), গৌরনদীর মাহিলারা গ্রামের অনিল বেপারীর ছেলে অসীম বেপারী (২৮) ও বাবুগঞ্জের টেংরাখালী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. সুলতান (৪)। 

বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্প সুত্রে জানা গেছে, তাদের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হকের নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া ক্যাম্পের সমন্বয়ে একটি দল বাবুগঞ্জ উপজেলার চরভুতেরদিয়া গ্রামে সহিদ প্যাদার বাড়িতে অভিযান করা হয়। এ সময় সহিদ প্যাদার হেফাজত থেকে ৩২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট, একটি অটোমেটিক চাকু, একটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, পাঁচটি রামদা, তিনটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও মনিটর, নগদ চার লাখ ৫ হাজার ৯১৭ টাকা, একটি ইলেকট্রিক শক মেশিন, ৩৫ পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ, ১০টি মোবাইল ফোন, মাদক পরিমাপের দুটি যন্ত্র এবং তিনটি বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়। বুধবার বিকেল তিনটার দিকে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বাবুগঞ্জ থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here