বরিশালের মেহেন্দিগঞ্জে মালিকবিহীন ২৬টি গরু উদ্ধার

0
বরিশালের মেহেন্দিগঞ্জে মালিকবিহীন ২৬টি গরু উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ভাবনার চর (বামনের চর) এলাকা থেকে বাছুরসহ ২৬টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এসব গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, যেহেতু মালিক পাওয়া যায়নি আর গরুগুলো চর থেকে উদ্ধার করা হয়েছে, ফলে এগুলো চোরাই গরু হতে পারে। 

জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই মেহেন্দিগঞ্জে গরু চুরির ঘটনা ঘটছে। এর মধ্যে গত কয়েক মাস আগেও দাদপুর চর থেকে ৭টি চোরাই গরু উদ্ধার ও একজনকে আটক করেছিল পুলিশ। তবে সিন্ডিকেটের মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। হঠাৎ গরু চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন খামারিরা। ঈদ যত ঘনিয়ে আসছে মেহেন্দিগঞ্জে গরু চুরির ঘটনাও বাড়ছে। চুরি আতঙ্কে উপজেলার বিভিন্ন গ্রামে খামারি ও কৃষকরা রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। 

খামারিদের দাবি, গরু চুরি রোধে বাড়ানো হোক প্রশাসনের নজরদারি।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে গরুগুলো মালিকবিহীন অবস্থায় উদ্বার করা হয়েছে। মালিককে খোঁজার চেষ্টা চলছে। তবে ধারণা করা হচ্ছে, গরুগুলো চোরাই হতে পারে। মালিক খুঁজে না পেলে জব্দকৃত গরুগুলোর ব্যাপারে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চোরাই গরু চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here