বরগুনার তালতলীর ছোটবগী-কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলের সেতুটি ধসে পড়ে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকালে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে।
জানা যায়, ২০০৭ সালে ছোটবগী-কড়ইবাড়িয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য গেন্ডামাড়া খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পরে সংস্কারের অভাবে সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ে। এরপরও ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ সেতুটি দিয়ে যাতায়াত করতেন।
গতকাল শনিবার সকালে মোটরসাইকেল পারাপার হওয়ায় সময় সেতুটি হঠাৎ ভেঙে পড়ে যায়। এ সময় দুই আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
এদিকে সেতুটি ধসে পড়ায় গেন্ডামাড়া ও সুন্দরীয় গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ছোটবগী, গেন্ডামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদরাসা, উম্মুল কুরা স্কুল কলেজ মাদরাসা শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। এছাড়া জরুরি রোগী পরিবহন ও কৃষিপণ্য আনা-নেওয়া কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও, কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
জানতে চাইলে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত বিকল্প হিসেবে একটি অস্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

