ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে কটাক্ষ করেছেন সাবেক স্পিনার দানিশ কানেরিয়া। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সকে তিনি মাঠের বাইরে কঠোরভাবে সমালোচনা করেছেন।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম দুই ওভারে হারায় তিনটি উইকেট। পঞ্চম ওভারের পঞ্চম বলে বাবর আজম আউট হওয়ার পর দলের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১১৪ রানে অলআউট হয়ে তারা হারে ৬১ রানের ব্যবধানে।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কানেরিয়া লিখেছেন,‘সত্যি বলতে, বয়কট করলেই হয়তো কম লজ্জা পেতে হতো।’
কয়েক সপ্তাহ আগে পাকিস্তান সরকার ভারত ম্যাচ বয়কটের নির্দেশ দিয়েছিল। তবে আইসিসির সঙ্গে বৈঠকের পর এই অবস্থান থেকে সরে আসে দলটি।
আইএএনএসকে কানেরিয়া বলেন, ‘পাকিস্তান খুবই হতাশাজনক ক্রিকেট খেলেছে। তারা মাঠের পারফরম্যান্সে মনোযোগ দেওয়া উচিত, বিবৃতি দেওয়ায় নয়। উসমান তারিক দাবি করেছিলেন যে তিনি একাই পাকিস্তানকে জয়ের পথে নিয়ে যাবেন, কিন্তু বাস্তবতা আলাদা। ভারতের খেলোয়াড়রা মাঠে নিজেরাই পারফরম্যান্সে প্রমাণ দেয়, অতিরিক্ত কথাবার্তা নয়।’
উল্লেখ্য, ভারতের বিপক্ষে পাকিস্তান ও ভারত উভয়ই প্রথম দুই লিগ ম্যাচ জিতে অপরাজিত অবস্থায় মুখোমুখি হয়েছিল। ইশান কিশানের মাত্র ৪০ বলে ৭৭ রানের ইনিংসের উপর ভর করে ভারত ১৭৫ রান সংগ্রহ করে। অন্য কোনো ভারতীয় ব্যাটার বড় ইনিংস করতে পারেনি। পাকিস্তান বোলাররা নিয়ন্ত্রিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়ে ১১৪ রানে গুটিয়ে যায়।
কানেরিয়া আরও বলেন,‘পুরো বিশ্বই জানে যে রান তাড়া করতে গিয়ে পাকিস্তান ভোগান্তিতে পড়ে। তারা কি সত্যিই বিশ্বাস করেছিল যে তাদের বোলিং এত শক্তিশালী, যা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ১০০ রানের মধ্যে গুটিয়ে দিয়ে সহজেই লক্ষ্য পূর্ণ করতে পারবে? শুধু সহযোগী দেশগুলোর বিপক্ষে ভালো খেলে সবাইকে হারাতে পারবে এমন দাবি করা অসম্ভব।’

