বড় জয়ে দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ইংল্যান্ড অধিনায়ক

0
বড় জয়ে দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ইংল্যান্ড অধিনায়ক

সুপার এইটে ব্যাটসম্যানদের আগ্রাসী ক্রিকেট খেলার বার্তা দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। প্রথম ম্যাচে মন্থর উইকেটে সেটা সম্ভব হয়নি। তবে বোলারদের চমৎকার বোলিংয়ে দুর্দান্ত এক জয় ধরা দিয়েছে। নিজের জন্মদিনে এমন জয়ে খুব খুশি ব্রুক।

শ্রীলঙ্কার বিপক্ষে রবিবার ৫১ রানের বড় জয় পায় ইংল্যান্ড। পাল্লেকেলেতে ২০ ওভারে ইংল্যান্ড করে ১৪৬ রান। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় স্রেফ ৯৫ রানে।

২৭তম জন্মদিনে এমন জয় পেয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রুক বললেন, এই জয়টাই তার জন্মদিনের উপহার। তিনি বলেন, জন্মদিনের চমৎকার একটি উপহার। আমার মনে হয়, আমরা অসাধারণ খেলেছি এবং তাদের ১০০ রানের কমে অলআউট করাটা দুর্দান্ত প্রচেষ্টা।

এই মাঠেই চলতি মাসের শুরুতে দ্বি-পাক্ষিক সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৮ রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কাকে ১১৬ রানে অলআউট করেছিল ইংল্যান্ড। সিরিজটি তারা জিতেছিল ৩-০ ব্যবধানে। ওই সিরিজের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগানোর কথা ম্যাচের আগে বলেছিলেন ব্রুক। তার মতে, উইকেট মন্থর হলেও ব্যাটিংয়ের জন্য খুব বেশি কঠিন ছিল না।

ব্রুকের ভাষ্য, আমার মনে হয়নি উইকেট ভয়ঙ্কর ছিল। দুই দলের স্পিনাররা তাদের গতি খুব ভালোভাবে ব্যবহার করেছে, আর এটাই অনেক উইকেট এনে দিয়েছে। প্রথম ইনিংসে আমরা দেখেছি, উইকেট কেমন আচরণ করছে এবং খুব বেশি গতি না থাকায় সুযোগ তৈরি হয়েছে। তাই ব্যাটিংয়ে নামার আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং উইকেটের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছি।

দুই দল মিলিয়ে ৩০ রানের বেশি করতে পারেন কেবল একজন। ছয় চার ও দুই ছক্কায় ৪০ বলে ৬০ রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তাকে কৃতিত্ব দিলেন অধিনায়ক। ব্রুক বলেন, আমার মতে, সল্টি অসাধারণ একটা ইনিংস খেলে ৬০ রান করেছে। সবাই যে ফিল সল্টকে চেনে, আজ সে তেমন ছিল না, তবে সে আমাদের খুব ভালো স্কোর এনে দিতে পেরেছে এবং কয়েকটি জুটিও গড়েছে। অসাধারণ পারফরম্যান্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here