বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

0
বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

বঙ্গোপসাগরে জলদস্যু ডাকাতের গুলিতে নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮) নামের ২ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত ৪টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রবিবার দিবাগত রাত ১১টার দিকে পটুয়াখালীর মহিপুর ঘাটে এসে পৌঁছায়। 

পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের মাছেরখাল গ্রামের মো. দুলাল মিয়ার মালিকানা এফবি জাহিদ নামের ট্রলারে থাকা ১৪ জন জেলের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়। নুর আলম খানের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বড় টেংরা গ্রামে ও শাহজাহানের বাড়ি বাদুরতলা গ্রামে।  

এফবি জাহিদ ট্রলারের মাঝি ফারুক বলেন, শনিবার রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় হঠাৎ একটি ট্রলার এসে কোন কিছু বোঝার আগেই আমাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আমাদের জেলেরা ছুটাছুটি করলে ২ জন জেলে গুলিবিদ্ধ হয়। ট্রলারের একাধিক জায়গায় গুলির চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, নুর আলমের পিছনে গুলি এবং শাহজাহানের বাম চোখের নিচে গুলি লাগে। রবিবার রাত ১১টার দিকে মহিপুর ঘাটে এসে কলাপাড়ায় নিয়ে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে জেলেরা গুলিবিদ্ধ হয়েছে। তবে কোন জলদস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here