আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ এপ্রিল) থেকে সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো ৮ প্লাটুন সদস্য ইতোমধ্যে বগুড়া সদর উপজেলায় তিনটি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছে। বিজিবি সদস্যরা নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচন-পরবর্তী সময়ে টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সবসময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এরই ধারাবাহিকতায় এই উপনির্বাচনেও তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ১১ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজন অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।
উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।

