বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কেন্দ্রটি বাস্তবায়িত হলে রাজশাহী ও রংপুর বিভাগের লাখো শিক্ষার্থী ও শিক্ষকের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে খোঁজ-খবর নেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলমন বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষকদের বর্তমানে রেজিস্ট্রেশন, ফরম পূরণসহ নানা প্রশাসনিক কাজের জন্য ঢাকায় ছুটতে হয়। এতে সময়, অর্থ ও শ্রমের ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হয়। মহাস্থানে এই আঞ্চলিক কেন্দ্রটি চালু হলে ঘরের কাছেই এসব সেবা নিশ্চিত হবে। প্রস্তাবিত এই কেন্দ্রে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি একটি আধুনিক টিচার্স ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনার করা হয়েছে। এখানে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যার ফলে এই অঞ্চলের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান প্রতিমন্ত্রী।
পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতরা উপস্থিত ছিলেন।

