বগুড়ায় সাংবাদিকতার একাল-সেকাল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে ‘নব্বই দশকের স্থানীয় সাংবাদিক সমাজ’ এ আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই পেশার মান ও সুনাম অক্ষুন্ন রেখে সাংবাদিকদের কাজ করতে হবে। তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার কৃতী সন্তান। তিনি সব সময় এই অঞ্চলের উন্নয়নের কথা ভাবেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি নিজে সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তারেক রহমান আমাদের সংবাদপত্র পরিবারেরই একজন সদস্য।
আতিকুর রহমান রুমন বলেন, বগুড়ার সাংবাদিকদের মানোন্নয়নে সরকারের বিশেষ নজর রয়েছে। স্থানীয় পর্যায়ে সাংবাদিকতা বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বগুড়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর একটি শাখা স্থাপন এবং সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
নব্বই দশকের স্থানীয় সাংবাদিক সমাজের আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।
সভায় সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন গ্রাম উন্নয়ন কর্ম-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সভাপতি প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত ও সাংবাদিক সুমন তালুকদার।
অনুষ্ঠানে জেলার প্রায় ৫০ জন তরুণ সাংবাদিক অংশগ্রহণ করেন; সঞ্চালনা করেন সাংবাদিক মোহন আকন্দ।

