বগুড়ার গাবতলীতে একটি শ্যালো মেশিনের ঘরের পাশ থেকে আব্দুল লতিফ (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল লতিফ গাবতলী উপজেলার নিশিন্দারা (পশ্চিম পাড়া) গ্রামের মৃত মোবারক আলী আকন্দের ছেলে।
জানা যায়, আব্দুল লতিফ প্রতিদিনের মতো শনিবার (২৮ মার্চ) রাতের খাবার খেয়ে সাড়ে নয়টার দিকে তাঁর নিজস্ব স্যালো মেশিন ঘরে ঘুমানোর জন্য যান। এরপর রবিবার সকাল ৯টার দিকে তাঁর ভাতিজা মাসুদ আলম মেশিন ঘরের পাশের ধানক্ষেতে তার রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তিনি স্বজনদের ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির এবং গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিব হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিব হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি জানতে পুলিশ মাঠে কাজ করছে।

