বগুড়া সদরের উদ্দিরগোলা বাজারে ফুড ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণার অভিযোগে মেহেদী হাসান শুভ নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার দুপুরে শাহিন হোটেলে এই ঘটনা ঘটে।
আটক মেহেদী হাসান শুভ বগুড়া সদরের নারুলী এলাকার মনির উদ্দিনের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি হোটেলে প্রবেশ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন এবং নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে হোটেল মালিক শাহিনের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করার হুমকি দেন।
স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি প্রথমে দেখাতে অস্বীকৃতি জানান। পরে চাপের মুখে একটি আইডি কার্ড দেখালেও তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় দোকানদার ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
হোটেল মালিক শাহিন জানান, মেহেদী হাসান শুভ আমার দোকানে এসে নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করেছেন এবং টাকা না দিলে জরিমানা করার ভয় দেখান। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, মেহেদী হাসানকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

