বইমেলায় পাওয়া যাচ্ছে আবু তাহের খোকনের ‘সাদাকালো’ ও ‘মনের কথা’। ‘সাদাকালো’ বইতে সুবিধাবঞ্চিত শিশুদের দুঃখ-বেদনার কথা তুলে ধরা হয়েছে। আর ‘মনের কথা’ হচ্ছে কবিতা গ্রন্থ।
আবু তাহের খোকন পেশায় ফটোসাংবাদিক। দেশ, মাটি, মানুষ, প্রকৃতির অসংখ্য নান্দনিক ছবি তুলেছেন। দেশের গণ্ডি পেরিয়ে তার ছবির খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময়। স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশ-বিদেশের অনেক সম্মাননা, পদক-পুরস্কার।
আবু তাহের খোকনের প্রথম প্রকাশনা ‘সাদাকালো’। সুবিধাবঞ্চিত শিশুদের দুঃখ-বেদনা নিয়ে এ সংবাদচিত্র ২০১৬ সালে প্রকাশিত হয় নিউইয়র্কে।
এবার প্রকাশ করেছেন কবিতা গ্রন্থ ‘মনের কথা’। প্রকাশিত হয়েছে টাঙ্গন প্রকাশনা থেকে। নিজের ভালো লাগা, মন্দ লাগা নিয়ে তাঁর কাব্যগ্রন্থ ‘মনের কথা।
এ গ্রন্থের কবিতা সম্পর্কে লেখকের বক্তব্য, ‘মনের কথা আমার একান্ত নিজস্ব ভাষাভঙ্গিতে ভালো লাগা, ভালোবাসা, রাগ-ক্ষোভ-দুঃখ-অভিমান, প্রতিরোধ-প্রতিবাদের প্রকাশ। এর কোনো একটা লেখার একটা লাইনও যদি কারো ভালো লাগে, একজন পাঠকেরও মনের কথার সঙ্গে মিলে যায়, সেটুকুই আমার পাওয়া।’
মনের কথা কাব্যগ্রন্থের ভূমিকায় কবি হাসান হাফিজ বলেছেন, ‘সুকুমার শিল্পের অন্যতম আদি একটি মাধ্যম হলো কবিতা। বড়ই সূক্ষ্ম, বড়ই রহস্যময়ী। কবিতার টানে, মায়ায় সম্মোহিত হয়েছেন আবু তাহের খোকন। কবিতার ভুবনে তাঁকে স্বাগত, অব্যশই অভিনন্দন। নিরাভরণ সারল্যে আপন অনুভূতি, আবেগ, দুঃখ, কষ্ট-বঞ্চনা তিনি তুলে ধরার প্রয়াস পেয়েছেন। সমাজ ভাবনা ও দেশচিন্তনও পরিস্ফূটিত, প্রতিফলিত হয়েছে তাঁর কবিতা সম্ভারে। কোনোমতেই জটিল নয় সেইসব উপলব্ধি ও বোধের চিত্রায়ণ। ফলে এই গ্রন্থের কবিতাবলি বৈচিত্রের স্বাদে হয়ে উঠেছে ভরপুর ও অনন্য।’ আশা করি ‘মনের কথা’ কাব্যগ্রন্থটি পাঠকের ভালো লাগবে।’
‘সাদাকালো’ ও ‘মনের কথা’ বই দুইটি পাওয়া যাচ্ছে, বাংলা একাডেমি একুশে বই মেলায় টাঙ্গন প্রকাশনীর ৫১৮ স্টলে।

