ফেরিতে উঠতে গিয়ে বাস পদ্মায়: ৬ সদস্যের তদন্ত কমিটি

0
ফেরিতে উঠতে গিয়ে বাস পদ্মায়: ৬ সদস্যের তদন্ত কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়েছে, গত ২৫ মার্চ দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়, এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলামকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রাজবাড়ী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধি।

কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের শনাক্ত করতে হবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালি থেকে আসা ‘সৌভাগ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে বিকেল ৫টা ৪০ মিনিটের মধ্যে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও ঝড়ো পরিস্থিতির কারণে উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত বাসটি নদী থেকে তোলা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানায়, এ পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বাস থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে পুরুষ আটজন, নারী ১১ জন এবং শিশু পাঁচজন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here