চট্টগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন কুমিল্লা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নুরুল আমিনকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, সকালে ব্যাবসার কাজে কুমিল্লা যান সংসদ সদস্য। ফেরার সময় মোহাম্মদ আলী এলাকায় একটি মোটরসাইকেল সামনে এসে পড়লে তার প্রাইভেটকার ডিভাইডারে ধাক্কা খায়। এতে সংসদ সদস্য মুখ, মাথা ও কোমরে আঘাত পান।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।

