দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে অজ্ঞাতনামা বাসের চাপায় আব্দুল গণি সরকার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি সরকার পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত তৈয়ব আলী সরকারের ছেলে।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে স্পিড ব্রেকারের দাবিতে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২টার দিকে বারোকোনা এলাকা পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অজ্ঞাতনামা বাস পথচারী আব্দুল গণি সরকারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

